প্রবন্ধ রচনা: বৃত্তিমূলক শিক্ষা | কর্মমুখী শিক্ষা | JSC, SSC, HSC

বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষা

    ভূমিকা:

    যে শিক্ষা দ্বারা কোন বৃত্তি বা পেশা সম্পর্কে হাতে - কলমে শিক্ষা লাভ করে জীবিকা অর্জনের পথ বা যােগ্যতা অর্জন করা যায় , তাকে বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষা বলে । সাধারণ শিক্ষায় সর্ব বিষয়ে শিক্ষালাভ করা যায় , কিন্তু বৃত্তিমূলক শিক্ষায় কেবলমাত্র একটি নির্দিষ্ট পেশা সম্পর্কে দক্ষতা লাভ করা যায় । এ শিক্ষার সুবিধা এই যে , শিক্ষাশেষে অর্জিত জ্ঞান বা দক্ষতা দ্বারা স্বনিয়ােজিত কর্মে নিযুক্ত হওয়া যায় কিংবা কোন কলকারখানায় অনুরূপ পদ খালি হলে তা সহজেই লাভ করা যায় ।

    বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা:

    আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় পুঁথিগত বিদ্যা সকল চাকুরির ক্ষেত্রে সমান সুযােগ প্রদান করে না । সাধারণ শিক্ষা ব্যবস্থায় পাশ করলে কেরানী , শিক্ষক , সরকারী কর্মকর্তা ইত্যাদি পদ লাভ করা যায় । কিন্তু চাকুরির সুযোগ আমাদের দেশে অত্যন্ত সীমিত । প্রতি বছর হাজার হাজার ছাত্র - ছাত্রী মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় হতে উচ্চশিক্ষা লাভ করে বের হচ্ছে । কিন্তু এদের মধ্যে বেশীর ভাগই চাকুরি না পেয়ে বেকার জীবন কাটাচ্ছে । চাকুরি যেন সােনার হরিণ । এই সােনার হরিণের পেছনে সকল শিক্ষিত লােক উর্ধ্বশ্বাসে ছুটছে , কিন্তু তার নাগাল পাচ্ছে না । ফলে সমাজে শিক্ষিত বেকার যুবকদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে এবং অনেকে বিপথগামী হচ্ছে । এ দুর্বিষহ অবস্থা হতে পরিত্রাণ পেতে হলে এবং জাতিকে বাঁচাতে হলে দেশে অবিলম্বে বৃত্তিমূলক শিক্ষার প্রচলন ঘটাতে হবে । দেশে দক্ষ কারিগর , দক্ষ পরিচালক , দক্ষ শিল্পগবেষক ইত্যাদির যথেষ্ট প্রয়ােজন রয়েছে । বৃত্তিমূলক শিক্ষা দ্বারা এসব অভাব পূরণ করা যেতে পারে ।

    বৃত্তিমূলক শিক্ষার প্রকারভেদ:

    বৃত্তিমূলক শিক্ষা দু’প্রকারের- ডাক্তার , ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বৃত্তিমূলক শিক্ষার জন্য বিজ্ঞানসহ উচ্চশিক্ষা প্রয়ােজন হয় , কিন্তু অপরটি সাধারণ বৃত্তিমূলক শিক্ষা । এর জন্য কোন উচ্চ শিক্ষার প্রয়োজন হয় না । প্রাথমিক কিংবা মাধ্যমিক শ্রেণী পর্যন্ত শিক্ষালাভ করে এসব বৃত্তিমূলক শিক্ষা লাভ করা যেতে পারে । কলকারখানার কারিগর , মােটরগাড়ী চালনাকারী , পােশাক প্রস্তুতকারী , কলকব্জার মেরামতকারী , ইলেকট্রিক যন্ত্রপাতির মিস্ত্রী , দুতার মিস্ত্রী , স্বর্ণকার , কর্মকার , চর্মকার , রাজমিস্ত্রী , চিত্রকর , গায়ক , অভিনেতা , মৎস্যচাষী ইত্যাদি হওয়ার জন্য উচ্চ শিক্ষার প্রয়ােজন নেই । এসব বিষয়ে হাতে কলমে শিক্ষালাভ করলেই জীবিকা অর্জনে সক্ষম হওয়া যায় ।

    আমাদের শিক্ষা ব্যবস্থার ক্রটি:

    আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ । আমাদের কর্মজীবনের সাথে এ শিক্ষার কোন সম্পর্ক নেই । তাই বিদ্যালয়সমূহ হতে পাশ করার পর আমাদের দেশের যুবকদের বেকার জীবন অতিবাহিত করতে হয় । সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের অফিসের কেরানীগিরি করা ছাড়া আর কিছু করার সামর্থ্য থাকে না । সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার অভাবে আমরা আজ সকল ক্ষেত্রে পশ্চাতে পড়ে রয়েছি । উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা বাস্তবভিত্তিক তাই সে দেশের ছেলে - মেয়েরা শিক্ষাশেষে যে কোন কাজ যােগ্যতার সাথে করতে পারে । কিন্তু আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যুবকদের সেভাবে গড়ে তােলে না । তাই আমাদের জাতীয় জীবনে আজ দেখা দিয়েছে বেকার সমস্যা । যে শিক্ষা জীবিকা অর্জনের কৌশল শেখায় না , সে শিক্ষা যে নিরর্থক ও নিষ্ফল , তাতে কোন সন্দেহ নেই।

    বৃত্তিমূলক শিক্ষা প্রসারের উপায়:

    আমাদের দেশ কৃষিপ্রধান । কিন্তু কেবলমাত্র কৃষির উপর নির্ভর করে কোন দেশ টিকে থাকতে পারে না । এজন্য কৃষির পাশাপাশি শিল্প কারখানার প্রসার ঘটাতে হবে । এ ব্যাপারে সরকার ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে । বৃহৎ শিল্পের পাশাপাশি বিভিন্ন প্রকার কুটির শিল্প যেমন- বস্ত্রশিল্প , মৃৎশিল্প , কাঁসাশিল্প , কাঠশিল্প ইত্যাদির বিকাশ ঘটিয়ে বৃত্তিমূলক কাজের পরিধি বৃদ্ধি করতে হবে । দেশে শিল্পের বিকাশ ঘটলে বিভিন্ন প্রকার কারিগরি শিক্ষার প্রসার ঘটবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে । সরকার ইচ্ছা করলে স্কুল - কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থাও চালু করতে পারেন । তাছাড়াও বহুমুখী কারিগরি শিক্ষালয় স্থাপন করে বৃত্তিমূলক শিক্ষা প্রসারের ব্যবস্থা করা যেতে পারে ।

    উপসংহার:

    আমাদের দেশের ব্যাপক বেকার সমস্যার আশু সমাধান করতে হলে বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে । দেশকে দ্রুত আর্থিক দিক দিয়ে উন্নত করতে হলে শিল্পের প্রসার ঘটানাে ছাড়া গত্যন্তর নেই । আর শিল্পকারখানা সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ কারিগর সৃষ্টি করা অত্যাবশ্যক । উভয়ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষাদানের প্রয়ােজন । তাই শিল্প বা ব্যবসা - বাণিজ্যের ক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরােপ করতে হবে ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ

    Do you have any doubts? chat with us on WhatsApp
    Hello, How can I help you? ...
    Click me to start the chat...